সাবিত্রী দাসের একগুচ্ছ কবিতা--
কবিতা কোলাজ
*************
বর্ষা
১)ঋতুরানি তুমি
***********
ঘন কালো ওই ঘোমটার নিচে শ্যামলে অমলে মাখা
ঋতুরানী তুমি উছলে উথলে একবার দাও দেখা।
অশ্রু সজলে মেঘের কাজল ঋতুরানী তুমি সাজো
কখনো আবার মেঘ মল্লারে সুরে সুরে তুমি বাজো।
চকিত হাসিতে চমকিয়া উঠি ভয়ে কাঁপে ভীরু বুক
তোমার পরশে দারুন হরষে উছলিয়া উঠে বুক।
বর্ষা তোমার বিরহ বেদনে কেঁদে ওঠে কবি মন
পরশে তোমার শিহরণ জাগে বিগলিত তনুমন।
কবি অঙ্গনে বরণীয়া হয়ে তেমনি যে আছো আজ
লাজে রাঙা হয়ে ওগো রয়ে সয়ে পরে নিও ফুল-সাজ।
ঝর ঝর ওই অঝোর ধারায় ঝরে শ্রাবনের ধারা,
তোমার পরশে নবীন হরষে প্রাণ আজ মাতোয়ারা।
২) স্নিগ্ধ ধারায়
**********
বুকের ভেতর বর্ষা তোমার স্নিগধ ধারা
তোমার ছোঁয়ায় সবাই যে হয় আত্মহারা।
চাষীর মুখে ফুটবে হাসি তোমার দেখায়
তোমার সোহাগ পরশ মনে স্বস্তি জাগায়।
প্রকৃতি পায় প্রাণ যে ফিরে তোমার দানে,
তোমার ছোঁয়া য় কাব্য পুলক জাগে কবির মনে।
সেই পুলকে তখন কবি যে হয় আত্মহারা
সৃষ্টি যে তার সজল মেঘের বৃষ্টিধারা
স্নিগধ সজল কাজল মেঘের ঘোমটা পরে,
দোহাই তোমার বর্ষা এবার ঝরো তুমি মুষলধারে।
৩) আহ্বান
*******
আয় না কাছে একটু এবার পরশ দিয়ে যা
তপ্ত খোলায় চাল হয়ে যে হলাম মুড়ি ভাজা।
গা পিট পিট চুলকানি যে জ্বলছে ভীষন রকম
এরপরেতেও কেমন করে করব বক বকম।
আষাঢ় মাসেও তোর আসার যে নেইকো রকম কিছু
একেবারেই শীতকালটা আসবে যে তোর পিছু।
হতচ্ছাড়ি বৃষ্টি এবার আয়রে নেমে আয়
গুমোর ভারী তোর যে দেখি ,লগ্ন বয়ে যায়।
এমন করে ছ্যাচড়া পনা কি মানে হয় তার
ঠিক সময়েও আসবি না তুই কিসের অহংকার!
৪) মেঘ জমেছে
*************
প্রথম দেখা পড়ছে মনে লাজুক লতায়
মেঘের পরে মেঘ জমেছে চোখের পাতায়।
মেঘ জমেছে আকাশ পারে গাছের মাথায়
অভিমানের কান্না-ভেজা চোখের পাতায়।
বিষাদ ঘেরা মুখখানিতে ঘনায় বাদল
আকাশ জুড়ে বাজলো বুঝি বর্ষা মাদল।
ঝরঝরিয়ে ঝরবে জানি অঝোর আকুল
।আকাশ বুঝি পড়বে ভেঙে ব্যথায় ব্যাকুল।
অভিমানের আগলখানি ভাঙবে এবার,
আস্ত নদী বুকের মাঝে বইবে আবার।
৫) বর্ষার দিনে
**********
স্টেশনের পথে ত্বরিৎ গতিতে চলেছি বিষম বেগে,
দেখতে দেখতে ছাইলো আকাশ ঘন কালো ওই মেঘে।
ঝড়ো হাওয়ার দাপটের সাথে বৃষ্টি নামছে তেড়ে,
ভোরের আলোয় তোমার উজানে বেরিয়েছি ঘর ছেড়ে।
কাকভেজা হয়ে গাছের তলায় শিহরিত প্রাণ মন ,
তোমার জন্য অকারণে আজ মন হলো উচাটন।
বর্ষা দিনের ছন্দ জেগেছে আমার মর্মমূলে,
ময়ূরী নৃত্যে মেতেছে এ মন সবকিছু গেছি ভুলে।
৬)রূপকথা
*********
বর্ষা দিনের রূপকথা হয় মন
কদম ফুলের সৌরভে ওঠে ভরে।
বৃষ্টি ফোঁটারা স্বপ্নের জাল বুনে
অঝোর ধারায় আঁচলে পড়েছে ঝরে ।
নিবিড় মেঘের মুকুরে স্বপ্ন ভাসে
জলছবি হয়ে জেগে রয় তাই মনে।
বুকের গভীরে সযতন ভালোবাসা,
দিগন্ত জুড়ে সোনালী স্বপ্ন বোনে।
No comments:
Post a Comment